চাঁদপুরের শাহরাস্তিতে অনুমোদন ছাড়াই ড্রেজার দিয়ে কৃষিজমির টপসয়েল কাটার অপরাধে মো. জামাল হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের পুটিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি/বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় অভিযুক্ত জামাল হোসেনকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

অভিযানে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও উপজেলা আনসার সদস্য উপস্থিত ছিলেন।