ভ্যাট ও ট্যাক্স আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ বিষয়ে সঠিক জ্ঞান ও সচেতনতা থাকা প্রত্যেক নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশীদ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ‘ভ্যাট ব্যবস্থাপনা এবং অনলাইন আয়কর রিটার্ন দাখিল’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উপাচার্য বলেন, সঠিকভাবে ভ্যাট ও ট্যাক্স দেওয়ার মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে প্রত্যক্ষভাবে অবদান রাখা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের এ বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।
তিনি বলেন, এ ধরনের কর্মশালা অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে কর ও ভ্যাট প্রদানে আরও সচেতন হতে সহায়তা করবে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল-বরিশালের কর কমিশনার শেখ শামীম বুলবুল। বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ-বরিশালের যুগ্ম কমিশনার মো. মেহেবুব হক এবং কর অঞ্চল-বরিশালের উপকর কমিশনার প্রীতিশ বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক হাফিজ-আল-আসাদ।
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ