জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের জন্য ডে-কেয়ার সেন্টার চালুর দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
জাকসুর পক্ষ থেকে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন কার্যকরী সদস্য নাবিলা বিনতে হারুন। এ সময় জাকসুর জিএস মাজহারুল ইসলাম ও কার্যকরী সদস্য আবু তালহা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অনেক নারী শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি মাতৃত্বের দায়িত্ব পালন করছেন। ক্যাম্পাসে শিশুদের জন্য উপযুক্ত ডে-কেয়ার সুবিধা না থাকায় তাঁদের একদিকে একাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়া এবং অন্যদিকে সন্তানদের যত্ন নেওয়ার ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এ অবস্থায় নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও মাতৃত্বের মধ্যে কোনো একটিকে বেছে নেওয়ার পরিস্থিতি তৈরি না করতে নিরাপদ, সুশৃঙ্খল ও শিশুবান্ধব ডে-কেয়ার সেন্টার চালুর দাবি জানানো হয়।
জাকসু জানায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে ডে-কেয়ার সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নিলেও প্রস্তাবিত ব্যবস্থায় নারী শিক্ষার্থীদের সুবিধা গ্রহণের সুযোগ রাখা হয়নি। সংগঠনটির দাবি, শিক্ষক-কর্মকর্তাদের পাশাপাশি নারী শিক্ষার্থীদেরও এ সুবিধার আওতায় আনতে হবে।
জাকসুর কার্যকরী সদস্য নাবিলা বিনতে হারুন বলেন, ‘২০২৬ সালে এসেও যদি একজন নারীকে শিক্ষা ও মাতৃত্বের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হয়, এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার কারণে কোনো নারীকে যেন মাতৃত্ব ও উচ্চশিক্ষার মধ্যে একটিকে বেছে নিতে না হয়, সেটিই আমাদের প্রত্যাশা।’
তিনি আরও বলেন, ‘দায়িত্ব গ্রহণের শুরু থেকেই জাকসু নারী শিক্ষার্থীদের জন্য ডে-কেয়ার সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে। প্রস্তাবিত ডে-কেয়ার সেন্টারে শিক্ষার্থীদের ব্যবহারের সুযোগ থাকছে না—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের পাশাপাশি নারী শিক্ষার্থীদের প্রয়োজনকেও সমান গুরুত্ব দিতে হবে।’
জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, ‘একজন নারী শিক্ষার্থী যেন মাতৃত্বের কারণে উচ্চশিক্ষা থামিয়ে দিতে বাধ্য না হন, তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বের অংশ। ডে-কেয়ার শুধু শিশু দেখাশোনার ব্যবস্থা নয়; এটি নারী শিক্ষার্থীদের শিক্ষা, মাতৃত্ব ও ক্যাম্পাসজীবনের মধ্যে সমন্বয় করার একটি প্রাতিষ্ঠানিক সহায়তা।’
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যে ডে-কেয়ার সুবিধা চালু হবে, সেখানে নারী শিক্ষার্থীদেরও সমানভাবে অন্তর্ভুক্ত করা উচিত। তাঁদের প্রয়োজন বিবেচনায় নিয়ে একটি নিরাপদ ও কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে।’
স্মারকলিপিতে ডে-কেয়ার সেন্টারের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, প্রশিক্ষিত জনবল, শিশুদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়। প্রয়োজনে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের সহযোগিতা নেওয়ার কথাও বলা হয়।
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ