বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অধ্যয়নরত রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতি’র ৯ম কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফিন্যান্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রনি শেখ। সাধারণ সম্পাদক পদে একক মনোনয়নে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রীতম সাহা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. রনি শেখ ও অনন্যা সাহা বৃষ্টি। নির্বাচনে মোট ৭০টি ভোট কাস্ট হয়। এর মধ্যে রনি শেখ ৪২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অনন্যা সাহা বৃষ্টি পান ২৭ ভোট। নির্বাচনী বিধিমালা লঙ্ঘনের কারণে একটি ভোট বাতিল ঘোষণা করা হয়।

সাধারণ সম্পাদক পদে প্রীতম সাহা একক মনোনয়ন দাখিল করায় তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সংগঠনটির ৮ম কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহিনুর আক্তার শানু। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন দেবপ্রিয়।

নির্বাচনে বিজয়ের পর নবনির্বাচিত সভাপতি মো. রনি শেখ বলেন, “রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমাদের একটি পরিবারের মতো। আমাকে সভাপতি পদে নির্বাচিত করে সকল সদস্য যে আস্থা রেখেছেন, আমি তার মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। সবাইকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের ঐক্য, ভ্রাতৃত্ব এবং সার্বিক কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়াই হবে আমাদের মূল লক্ষ্য।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রীতম সাহা বলেন, “সংগঠনের ভাবমূর্তি রক্ষা ও শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকাই আমাদের অগ্রাধিকার। সাধারণ সম্পাদক হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করব। সকলের সহযোগিতা নিয়ে রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্মকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তুলতে আমরা বদ্ধপরিকর।”

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাজবাড়ী জেলার সকল শিক্ষার্থীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। শিগগিরই সংগঠনটির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তাঁরা।