চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের ডিগ্রি কলেজ সরকারি করার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে কলেজটির স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের নামে হস্তান্তরের লক্ষ্যে রেজিস্ট্রিকৃত দানপত্র দলিল (Deed of Gift) সম্পাদনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখা থেকে গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, বেসরকারি কলেজ সরকারি করার প্রক্রিয়ার অংশ হিসেবে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলাধীন মেহের ডিগ্রি কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকার (সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়)-এর বরাবর হস্তান্তরের লক্ষ্যে রেজিস্ট্রিকৃত দানপত্র দলিল সম্পাদন করতে হবে। একই সাথে সম্পাদিত দলিলের একটি কপি শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৩ শাখার ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখের স্মারকের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, চাঁদপুরের জেলা প্রশাসক এবং মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষের কাছে পাঠানো হয়েছে।
দীর্ঘদিন ধরে মেহের ডিগ্রি কলেজ সরকারি করার দাবি ও প্রত্যাশা রয়েছে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে। শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনার ফলে কলেজটির সরকারি করার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে বলে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী মনে করছেন।
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৮ অপরাহ্ণ