দেশে আজ সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে নতুন দামে বিক্রি হচ্ছে সব ধরনের জ্বালানি তেল। ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।

রবিবার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকায় বিক্রি হবে। এর আগে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রল ১৪০ টাকা ও অকটেন ১৪৫ টাকা লিটারে বিক্রি হয়েছে।

জ্বালানি বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে গত মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে দেশে এতদিন সে অনুযায়ী দাম সমন্বয় করা হয়নি।

এর ফলে চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, লিটারপ্রতি ২০ টাকা দাম বাড়ানোর ফলে বিপিসির লোকসান কমবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের জ্বালানি তেলের দামের ব্যবধান কমানো এবং সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচারের ঝুঁকি মোকাবিলার বিষয়টিও সরকারের সিদ্ধান্তের সঙ্গে যুক্ত বলে জ্বালানি বিভাগ জানিয়েছে।

এর আগে ৩১ আগস্ট সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রল ১৪০ টাকা ও অকটেন ১৪৫ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

নতুন দাম কার্যকর হওয়ায় জ্বালানি তেলের ব্যবহারনির্ভর পরিবহন, কৃষি ও পণ্য পরিবহন খাতে ব্যয় বাড়তে পারে। এর প্রভাব অন্যান্য পণ্য ও সেবার মূল্যেও পড়ার আশঙ্কা রয়েছে।