পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ফিশারিজ টেকনোলজি বিভাগের শিক্ষা, গবেষণা ও ব্যবহারিক কার্যক্রম আরও সমৃদ্ধ করতে একটি বিদ্যমান গবেষণাগারের সংস্কার ও আধুনিকায়ন এবং একটি নতুন আধুনিক গবেষণাগার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের অভ্যন্তরে অবস্থিত পূর্বের ‘Seafood Processing, Quality and Safety Laboratory’-এর সংস্কার ও আধুনিকায়নকৃত অংশ এবং খামার ভবনে নবনির্মিত ‘Advanced Analytical Laboratory’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন HEAT-ATF Sub-project (PIN-13571)-এর সাব-প্রজেক্ট ম্যানেজার (SPM) ও ফিশারিজ টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে উপাচার্য Seafood Processing, Quality and Safety Laboratory-এর উদ্বোধন করেন। পরে খামার ভবনে গিয়ে Advanced Analytical Laboratory-এর নামফলক উন্মোচন ও ফিতা কেটে এর উদ্বোধন করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট ল্যাব ও প্রকল্পের ওয়েবসাইটও উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর উপাচার্য ও অতিথিরা ল্যাবের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এ সময় অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ল্যাবে স্থাপিত আধুনিক যন্ত্রপাতির কার্যক্রম, ব্যবহারিক গুরুত্ব ও ভবিষ্যৎ গবেষণার সম্ভাবনা সম্পর্কে অতিথিদের অবহিত করেন। বিভিন্ন যন্ত্রের মাধ্যমে কী ধরনের নমুনা প্রস্তুত, বিশ্লেষণ ও গবেষণা করা যাবে, সে বিষয়েও তিনি বিস্তারিত তুলে ধরেন।

Advanced Analytical Laboratory-এ গবেষণা ও নমুনা বিশ্লেষণের জন্য রয়েছে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ও সহায়ক সরঞ্জাম। এর মধ্যে উল্লেখযোগ্য হলো Fluorescence Fingerprinting Instruments এবং Fourier Transform Infrared (FTIR) Spectroscopy। এ ছাড়া আরও প্রায় ১৫ ধরনের যন্ত্রপাতি রয়েছে ল্যাবটিতে।

দ্রুত ও পরিবেশবান্ধব গবেষণায় গুরুত্ব

ল্যাবটির অন্যতম প্রধান গবেষণা লক্ষ্য হলো Fluorescence Fingerprint coupled with Chemometrics প্রযুক্তির মাধ্যমে সামুদ্রিক খাদ্য ও মৎস্যজাত পণ্যের গুণমান ও নিরাপত্তা বিশ্লেষণের জন্য দ্রুত, আধুনিক ও নন-ইনভেসিভ পদ্ধতি উন্নয়ন করা।

বিশ্বব্যাংক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যৌথ অর্থায়নে পরিচালিত HEAT উপপ্রকল্পের আওতায় এ গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপপ্রকল্পটির শিরোনাম ‘Development of a rapid, non-invasive and eco-friendly technology for seafood quality and safety analysis using Fluorescence Fingerprint coupled with chemometrics’।

এ প্রযুক্তির মাধ্যমে মাছ ও অন্যান্য সামুদ্রিক খাদ্যপণ্যের সতেজতা, গুণমান, রাসায়নিক পরিবর্তন, আসলত্ব এবং বিভিন্ন মান ও নিরাপত্তা সূচক দ্রুত মূল্যায়নের সুযোগ রয়েছে।

প্রচলিত পদ্ধতিতে খাদ্যের গুণগত মান নির্ণয় ও মাইক্রোপ্লাস্টিক শনাক্তকরণে নমুনা প্রস্তুতিসহ বিভিন্ন ধাপ সম্পন্ন করতে তুলনামূলক বেশি সময় ও শ্রমের প্রয়োজন হয়। বিপরীতে, ফিঙ্গারপ্রিন্টিংভিত্তিক প্রযুক্তির মাধ্যমে অল্প সময়ে নমুনার রাসায়নিক ও ভৌত বৈশিষ্ট্য বিশ্লেষণ করা সম্ভব।

এ ছাড়া বিভিন্ন খাদ্যপণ্যে ভেজাল বা অনাকাঙ্ক্ষিত উপাদান শনাক্তকরণেও এ প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। ফলে দ্রুততা, কম শ্রম এবং সহজ বিশ্লেষণ পদ্ধতির কারণে মৎস্য ও সামুদ্রিক খাদ্যপণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিতকরণে প্রযুক্তিটি সম্ভাবনাময় বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পবিপ্রবির Advanced Analytical Laboratory শুধু আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ একটি গবেষণাগার নয়; বরং দেশের মৎস্য ও সামুদ্রিক খাদ্য খাতের জন্য দ্রুত, পরিবেশবান্ধব ও নন-ইনভেসিভ মান নির্ণয় প্রযুক্তি উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ গবেষণা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, গবেষক, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।