চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিশ্ব ফিজিওথেরাপি দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই আয়োজন।
‘হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধ, ব্যবস্থাপনা ও পুনর্বাসনে ফিজিওথেরাপি ও শারীরিক কার্যকলাপের ভূমিকা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের চিফ মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেরিন সায়ন্স অনুষদের ডিন অধ্যাপক ড. শাহাদাত হোসেন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) স্বাস্থ্য সম্পাদক আফনান হোসেন ইমরান।
সেমিনারে বিষয়ভিত্তিক মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউরো ডিস্যাবিলিটি রিহ্যাব ও স্পোর্টস ফিজিওথেরাপি বিশেষজ্ঞ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ কামরুজ্জামান। তিনি হৃদরোগ ও স্ট্রোকের মতো জটিল রোগ প্রতিরোধে নিয়মিত শারীরিক কার্যকলাপের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি এসব রোগে আক্রান্ত ব্যক্তিদের দ্রুত সুস্থতা, শারীরিক সক্ষমতা পুনরুদ্ধার ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার ভূমিকা বৈজ্ঞানিক তথ্যের আলোকে তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানে ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম। স্ট্রোক বা হৃদরোগে আক্রান্ত রোগীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি ও পুনর্বাসন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ