চাঁদপুরের কচুয়ায় ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) রাত ১টা ৪০ মিনিটের দিকে উপজেলার পাথৈর ইউনিয়নের গুতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—গুতপুর এলাকার ইয়াছিন মিয়া (৩৫), বড়দৈল এলাকার মো. রবিউল্লাহ (৩১) এবং শিলাস্তান এলাকার কাজী মাসুম (২৮)।
পুলিশ জানায়, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এসআই মো. রুহুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে গুতপুরের পাঠানবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ইয়াছিনের বসতঘরের সামনে থেকে তিনজনকে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার ওজন ৪ দশমিক ০৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৩ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় কচুয়া থানায় মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) আটক ব্যক্তিদের যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১:২৬ অপরাহ্ণ