জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর পদ থেকে দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার স্থলে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিমকে সাময়িকভাবে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনের অনুরোধের পরিপ্রেক্ষিতে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, অধ্যাপক মো. জাকির হোসেনকে অব্যাহতি দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিমকে ১ অক্টোবর ২০২৬ তারিখ অপরাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ করা হলো। তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।