বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারের দফতর প্রধান (রুটিন দায়িত্ব) ডা. শাম্মী আরা নিপাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই একক সিদ্ধান্তে মেডিক্যাল সেন্টারের চিকিৎসাসেবার সময়সূচি কমিয়ে দেওয়ার অভিযোগে তাকে এ নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. আব্দুল আলিম বছির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ শোকজ নোটিশ দেওয়া হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেডিক্যাল সেন্টার প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ রয়েছে। তবে ডা. শাম্মী আরা নিপা কর্তৃপক্ষের কোনো অনুমোদন না নিয়ে একক সিদ্ধান্তে গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর মেডিক্যাল সেন্টারের কার্যক্রমের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করেন।

এতে আরও বলা হয়, কর্তৃপক্ষের আদেশ অমান্য করার অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা পত্র প্রাপ্তির সাত কর্মদিবসের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিতভাবে জানাতে হবে।