বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে প্রায় ৫ হাজার শুভেচ্ছা কার্ড বিতরণ করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। পাশাপাশি ই-মেইলের মাধ্যমে প্রায় ৮ হাজার শিক্ষকের কাছে শুভেচ্ছা কার্ডের সফটকপি পাঠানো হয়েছে।

৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ইউটিএলের উদ্যোগে দেশের প্রায় ১৫টি বিশ্ববিদ্যালয়ে এসব কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫০০, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৭০০, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬০০, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬০০, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫০০ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২২০টি শুভেচ্ছা কার্ড বিতরণ করা হয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়েও কার্ড বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে ইউটিএলের কেন্দ্রীয় ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের নেতারা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন। কয়েকটি বিশ্ববিদ্যালয় নিজস্ব উদ্যোগে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

ইউটিএলের পক্ষ থেকে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে শিক্ষকদের মর্যাদা ও অধিকার রক্ষা, একাডেমিক স্বাধীনতা এবং নিরাপদ ও অনুকূল একাডেমিক পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশা জানানো হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউটিএল নেতৃবৃন্দ বলেন, দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণ ও সহযোগিতায় বিশ্ব শিক্ষক দিবসের এ আয়োজন শিক্ষক সমাজের পারস্পরিক যোগাযোগ, মর্যাদা ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ইউটিএলের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন।