চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাংস্কৃতিক সংগঠন অঙ্গনের প্রতিষ্ঠার তিন যুগপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন, র্যালি ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।
রবিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর। এতে সভাপতিত্ব করেন অঙ্গনের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন (রাহমান নাসির উদ্দিন)। অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভাস্কর রঞ্জন সাহা।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, সাংস্কৃতিক চর্চা মানুষের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে এবং তাকে আরও উদার ও মানবিক হতে শেখায়। একটি প্রাণবন্ত বিশ্ববিদ্যালয়ে গান, নাচ, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি গবেষণা, পাঠদান, মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতাও থাকতে হবে। সব ধরনের সৃজনশীল কর্মকাণ্ডের সম্মিলনেই একটি বিশ্ববিদ্যালয় সত্যিকার অর্থে প্রাণবন্ত হয়ে ওঠে।
তিনি আরও বলেন, সাংস্কৃতিক সংগঠনগুলোকে রাজনৈতিক পক্ষপাত ও সংকীর্ণতার ঊর্ধ্বে থাকতে হবে। কোনো সংগঠন দলীয় স্বার্থে সীমাবদ্ধ হয়ে পড়লে তার স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়।
অঙ্গনের ভবিষ্যৎ পথচলা আরও সুদৃঢ় হবে আশা প্রকাশ করে তিনি বলেন, সংগঠনটির সঙ্গে যুক্ত সবাই নিজ নিজ অবস্থান থেকে সাংস্কৃতিক আন্দোলনে অবদান রাখবেন এবং বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবেন।
অনুষ্ঠানে অঙ্গনের সাধারণ সম্পাদক মাহবুব আলম সংগঠনটির কার্যক্রম ও পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া র্যালিসহ দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির তিন যুগপূর্তি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, অঙ্গনের সাবেক সদস্য, আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ