পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলামসহ জেএসপিএস-ইউজিসি দ্বিপক্ষীয় গবেষণা কর্মসূচির একটি গবেষক দল জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। এ সময় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর, যৌথ গবেষণা এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ নিয়ে আলোচনা হয়।
জেএসপিএস-ইউজিসি দ্বিপক্ষীয় গবেষণা কর্মসূচির (JSPS-UGC Bilateral Research Program) আওতায় পবিপ্রবির প্রকল্পসংশ্লিষ্ট সদস্য ও গবেষক অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক পরিচালক ও প্রকল্পের সদস্য-গবেষক ড. হাচিব মোহাম্মদ তুষার এ সফরে অংশ নেন।
সফরকালে গিফু বিশ্ববিদ্যালয়ের অ্যাডভান্সড স্টাডি ইনস্টিটিউটের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মাসাকি তাকাছু গবেষক দলকে ইনস্টিটিউটের বিভিন্ন গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় তাঁদের ইনস্টিটিউটের ভেটেরিনারি টিচিং হাসপাতালসহ বিভিন্ন গবেষণাসংশ্লিষ্ট কার্যক্রম ঘুরিয়ে দেখানো হয়।
পরিদর্শনকালে ড. মাসাকি তাকাছু পবিপ্রবির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর ও যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি পবিপ্রবির অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীদের গিফু বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার আশ্বাস দেন।
অন্যদিকে, পবিপ্রবির পক্ষ থেকে গবেষক দল ড. মাসাকি তাকাছুকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান। একই সঙ্গে উচ্চশিক্ষাসংশ্লিষ্ট কার্যক্রমে পবিপ্রবির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করায় তাঁকে ধন্যবাদ জানান তাঁরা।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১:১৩ অপরাহ্ণ