পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অ্যাকাউন্টস অটোমেশন ম্যানেজমেন্ট সিস্টেম ও স্যালারি বিলিং সফ্টওয়ারের উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থী-সংশ্লিষ্ট সব কার্যক্রমে পর্যায়ক্রমে অটোমেশন চালুর ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনে প্রধান অতিথি হিসেবে সফ্টওয়ারটির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, আইসিটি পরিচালক ড. মো. শামসুজ্জামান সবুজ এবং বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (BdREN)-এর প্রধান নির্বাহী মোহাম্মদ তাওরিত। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শাখা প্রধানরাও অংশ নেন।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান বলেন , বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ শাখা ও দপ্তরগুলোকে পর্যায়ক্রমে অটোমেশনের আওতায় আনা হবে। এর অংশ হিসেবে প্রথমে হিসাব শাখায় এ সফ্টওয়ার চালু করা হলো। এর ফলে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা প্রতি মাসে তাদের বেতন ও অন্যান্য ভাতার তথ্য স্বয়ংক্রিয়ভাবে জানতে পারবেন, যা সরাসরি তাদের ই-মেইলে পৌঁছে যাবে।

তিনি আরও জানান, পরবর্তী ধাপে পরীক্ষা শাখা, শিক্ষা শাখা, কেন্দ্রীয় লাইব্রেরি, ট্রান্সপোর্ট শাখা ও সংস্থাপন শাখায় অটোমেশন সফ্টওয়ার চালু করা হবে। একই সঙ্গে শিক্ষার্থী-সংক্রান্ত সব সেবাও এর আওতায় আসবে।