স্মার্ট কৃষি ও টেকসই উন্নয়নবিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি)। আগামী বছরের ২০ ও ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ (আইসিএসএএসডি ২০২৭)। এ সম্মেলনে অংশ নিতে গবেষণাপত্রের সারসংক্ষেপ জমা দেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং সেন্টার ফর স্মার্ট ভিলেজ অ্যান্ড স্মার্ট সিটি স্টাডিজের সহযোগিতায় সম্মেলনটি আয়োজন করা হচ্ছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি), বিগ ডেটা, রিমোট সেন্সিং, স্মার্ট কৃষিযন্ত্র, জলবায়ু-সহনশীল কৃষি ও টেকসই উৎপাদনব্যবস্থাসহ কৃষির আধুনিক প্রযুক্তি ও গবেষণার বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে। এ ছাড়া কৃষি অর্থনীতি, কৃষি সম্প্রসারণ, গ্রামীণ উন্নয়ন, কৃষিনীতি, মৎস্য ও জলজ চাষ, প্রাণিস্বাস্থ্য এবং সবুজ অর্থনীতিও সম্মেলনের আলোচ্যসূচিতে রয়েছে।

সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপনের জন্য আটটি বিশেষায়িত ট্র্যাক নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো নির্ভুল কৃষি ও স্মার্ট কৃষিপ্রযুক্তি, ডিজিটাল কৃষি ও এআই, কৃষি গবেষণা ও উদ্ভাবন, জলবায়ু-স্মার্ট উৎপাদনব্যবস্থা, প্রাণিসম্পদ ও ওয়ান হেলথ, মৎস্য ও ব্লু ইকোনমি, কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা ও সবুজ প্রবৃদ্ধি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী গবেষকেরা সর্বোচ্চ ৩০০ শব্দের সারসংক্ষেপ অথবা পূর্ণাঙ্গ গবেষণাপত্র জমা দিতে পারবেন। সারসংক্ষেপ জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর ২০২৬। সারসংক্ষেপ গ্রহণের ফল প্রকাশ করা হবে ২০ নভেম্বর। পূর্ণাঙ্গ গবেষণাপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ ডিসেম্বর ২০২৬। আর নিবন্ধন করা যাবে ৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।

সম্মেলনে অংশগ্রহণের জন্য শিক্ষার্থী লেখকদের নিবন্ধন ফি ২ হাজার টাকা, শিক্ষার্থী অংশগ্রহণকারীদের ১ হাজার ৫০০ টাকা এবং পেশাজীবীদের ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বিদেশি অংশগ্রহণকারীদের জন্য সার্কভুক্ত ও সার্কের বাইরের দেশ অনুযায়ী পৃথক নিবন্ধন ফি রাখা হয়েছে।

আয়োজকদের আশা, এ সম্মেলনের মাধ্যমে স্মার্ট কৃষিপ্রযুক্তির ব্যবহার, গবেষণার ফল বিনিময় এবং কৃষির উৎপাদনশীলতা ও স্থায়িত্ব বাড়ানোর লক্ষ্যে গবেষক, শিক্ষাবিদ, শিল্পসংশ্লিষ্ট ব্যক্তি ও উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে।

সম্মেলনসংক্রান্ত বিস্তারিত তথ্য, গবেষণাপত্র জমাদানের নির্দেশনা ও নিবন্ধনের জন্য আগ্রহীদের icsasd.com ওয়েবসাইট দেখার অনুরোধ জানানো হয়েছে।