পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলামকে আন্তর্জাতিক সম্মেলনে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১৯ ও ২০ নভেম্বর ইন্দোনেশিয়ার বোগরে অনুষ্ঠিতব্য চতুর্থ সাউথইস্ট এশিয়া প্ল্যান্ট প্রোটেকশন কনফারেন্স (এসইএপিপিআরও)-২০২৬-এ অংশ নিতে তাঁকে এ আমন্ত্রণ জানানো হয়।
ইন্দোনেশিয়ার বোগরে অবস্থিত আইপিবি ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে (আইআইসিসি) এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন আয়োজক কমিটির সভাপতি ড. হাগিয়া সুফিয়া খাইরানীর স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে বলা হয়েছে, অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলামের উপস্থিতি সম্মেলনকে সফল ও অর্থবহ করে তুলবে। মৃত্তিকাবিজ্ঞানে তাঁর গবেষণাকর্ম ও অভিজ্ঞতার বিষয়টিও আমন্ত্রণপত্রে গুরুত্ব পেয়েছে।
আমন্ত্রণ পাওয়ার প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মানের এমন একটি সম্মেলনে অতিথি হিসেবে আমন্ত্রণ পাওয়া সত্যিই গর্বের বিষয়। এটি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের জন্যও সম্মানের।
তিনি আরও জানান, সম্মেলনে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ কাজে লাগাতে চান তিনি। বিশেষ করে পবিপ্রবির শিক্ষার্থীরা কীভাবে বৃত্তির মাধ্যমে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পেতে পারেন, সে বিষয়ে আলোচনা করবেন।
এ ছাড়া সম্মেলন চলাকালে ইন্দোনেশিয়ার আইপিবি বিশ্ববিদ্যালয়ের রেক্টরের সঙ্গে অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলামের মতবিনিময়ের প্রস্তাবনাও রয়েছে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ