চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও বিজয়-২৪ হল সংসদের যৌথ উদ্যোগে ৩০০ নারী শিক্ষার্থীর জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যসচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে সার্বিক সহযোগিতা করেছে ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড।
বুধবার (১৪ অক্টোবর) বেলা তিনটায় বিজয়-২৪ হলের টিভি রুমে ‘সুস্থতার ছোঁয়ায়, আগামীর প্রত্যয়ে’ স্লোগানে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে নারী শিক্ষার্থীদের বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা নিয়ে পরামর্শ ও চিকিৎসাসেবা দেওয়া হয়।
ক্যাম্পে ডার্মাটোলজি, মেডিসিন, গাইনোকোলজি এবং খাদ্য ও পুষ্টি—এই চার বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হয়। সেবা দেন চিকিৎসক ডা. মুহাম্মদ ফয়জুল ইসলাম, ডা. কে. সামিয়া শিমু, ডা. মেহতাজ তাসনিম এবং পুষ্টিবিদ ইকবাল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়-২৪ হলের সিনিয়র হাউস টিউটর অধ্যাপক ড. আকিকুল হক, চাকসুর সহসভাপতি (ভিপি) মো. ইব্রাহিম হোসেন রনি, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান এবং বিজয়-২৪ হল সংসদের নেতারা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিজয়-২৪ হল সংসদের ভিপি সানু আক্তার নদি। পরে চিকিৎসকেরা স্বাস্থ্যসচেতনতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
চাকসুর ভিপি মো. ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘আজকের ক্যাম্পসহ কয়েক দিনে সম্ভবত পাঁচটি ক্যাম্প আয়োজন করা হয়েছে। আমরা শঙ্কায় ছিলাম, শেষ পর্যন্ত দুটি হলে ক্যাম্প করতে পারব কি না। তবে চিকিৎসকেরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন, তাঁদের ধন্যবাদ জানাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে হলভিত্তিক মেডিকেল ক্যাম্প আগে হয়েছে কি না, তা আমার জানা নেই।’
অধ্যাপক ড. আকিকুল হক বলেন, ‘আমাদের হল কখনো পিছিয়ে থাকেনি। হল সংসদ ও চাকসুর উদ্যোগে এ মেডিকেল ক্যাম্প আয়োজন করতে পেরে আমরা গর্বিত। এর মাধ্যমে আমাদের ছাত্রীরা উপকৃত হবে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করি। চিকিৎসকদের প্রতি অনুরোধ, তাঁরা যেন ছাত্রীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যগত সমস্যা সম্পর্কে সচেতন করেন।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চাকসুর স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান, ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ (মার্কেটিং) আরিফ মাঈন উদ্দিনসহ অন্যান্য অতিথি।
আয়োজকেরা জানান, আবাসিক নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ