বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক সিনিয়র শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের এক জুনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। বরিশালের দপদপিয়া সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

অভিযোগ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সয়েল অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হৃদয়ের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয় মার্কেটিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামিমের। পরে তামিম তাঁর বিভাগের সিনিয়র ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহাদের সঙ্গে যোগাযোগ করেন। ফাহাদ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

পরে ফাহাদ ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তামিম হৃদয়ের গায়ে হাত তোলেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী হৃদয়ের অভিযোগ, ফাহাদের প্ররোচনায় সাহস পেয়ে তামিম তাঁর গায়ে হাত তুলেছেন। এ ঘটনার জন্য ফাহাদকেই দায়ী করছেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে ফাহাদ বলেন, ‘আমি এখনো এই ঘটনার বিষয়ে পুরোপুরি অবগত নই। আমার ব্যক্তিগত জায়গা থেকে কোনো প্রকার উসকানি বা আশ্রয়-প্রশ্রয় দেওয়া হয়নি।’

ঘটনার পর তামিম ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।