ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) টিএসসিসি পরিচালকের দ্বায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সদ্যবিদায়ী টিএসসিসির পরিচালক হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন নবনিযুক্ত টিএসসিসি পরিচালক বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. মঞ্জুর রহমানের কাছে এ দায়িত্ব হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, জিয়া পরিষদের সেক্রেটারি অধ্যাপক ড. রফিকুল ইসলাম, শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ, আয়েশা সিদ্দিকা হলের প্রভোস্ট অধ্যাপক ড. রশিদুজ্জামান, খালেদাজিয়া হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন , গ্রীন ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

এসময় সদ্যবিদায়ী পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, “দায়িত্ব পালনকালে নানা সীমাবদ্ধতার মধ্যেও প্রক্টর অফিস ও টিএসসিসির অবকাঠামোগত উন্নয়ন, ৮০০টি চেয়ার মেরামত এবং দীর্ঘদিন বন্ধ থাকা ক্যাফেটেরিয়া চালুর উদ্যোগ নিয়েছি। তবে পরিচ্ছন্নতাকর্মী ও নিরাপত্তাকর্মীর সংকটসহ বিভিন্ন কারণে শিক্ষার্থীদের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব হয়নি। আশা করি, পরবর্তী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেবেন।”

নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. মঞ্জুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের আদর্শ ও মূল্যবোধ সমুন্নত রেখে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে চাই এবং সমস্যাগুলো সমাধানে সবার পরামর্শ নিয়ে কাজ করব। সব সমস্যার সমাধান সম্ভব না হলেও পূর্ববর্তী পরিচালকের রেখে যাওয়া অবস্থান থেকে বিভাগকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি শিক্ষকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে একসঙ্গে খাওয়ার পরিবেশ তৈরির উদ্যোগ নিতে চাই।”

অনুষ্ঠান শেষে নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. মঞ্জুর রহমানকে বরণ করে নেয় বাংলা বিভাগের শিক্ষার্থীরা।