ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের প্রতিষ্ঠাতা ড. মাহবুবুর রহমানের আগমন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা অনুষদের ২০৫ নাম্বার রুমে এ সভা আয়োজন করে মোরাল প্যারেন্টিং ট্রাস্ট, ইবি শাখা।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার অধীকারী, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার, ফোকলোর স্টাডিজ বিভাগের লেকচারার ফয়সাল হোসেন, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. জাফর আলি এবং ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।
মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ক্যাম্পাস প্রতিনিধি মিশুক শাহরিয়ার বলেন, “মোরাল প্যারেন্টিং পরিবার একটি নৈতিক সমাজ গঠনের স্বপ্নে কাজ করে যাচ্ছে। আমাদের এই সংগঠন ছাত্র-ছাত্রীদের শুধু বৃত্তি প্রদান করে না, এর পাশাপাশি ছাত্রছাত্রীদের দক্ষ করে গড়ে তুলতে বিভিন্ন আত্ম উন্নয়নমূলক কোর্স (ভাষা শিক্ষা, কম্পিউটার শিক্ষা) ও সমাজ থেকে দারিদ্র্যতা দূরীকরণে কাজ করে “স্বাবলম্বী প্রজেক্ট ” এর মাধ্যমে শিক্ষার্থীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে এককালীন অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে। মোরাল প্যারেন্টিং পরিবারের হয়ে কাজ করতে পেরে ভালো লাগে। মতবিনিময় সভায় আমরা সকল মোরাল চাইল্ড একত্রিত হতে পারি। এটি আমাদের সকলের জন্য অনেক আনন্দের।
সভায় ট্রাস্টের প্রতিষ্ঠাতা ড. মাহবুবুর রহমান শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের পড়াশোনা, ব্যক্তিগত উন্নয়ন ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন, দক্ষ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করার বিষয়ে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, মোরাল প্যারেন্টিং ট্রাস্ট একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। নৈতিক সমাজ গঠনের লক্ষ্যে সংগঠনটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং স্কুল-কলেজে অধ্যায়নরত মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাসিক বৃত্তি প্রদান করে আসছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ৬০-এর অধিক শিক্ষার্থী মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তির আওতাভুক্ত রয়েছে।
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ