চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের (চবিআস) উদ্যোগে নবীনবরণ, প্রবীণ বিদায়, নজরুল আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইনস্টিটিউট অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন দেশবরেণ্য কবি ও প্রাবন্ধিক মাঈনউদ্দিন জাহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মোজাম্মেল হক, বাংলাদেশ বেতারের সিনিয়র প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন এবং বান্দরবান বিশ্ববিদ্যালয়ের গভর্ন্যান্স ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক শাহাদাত হোসাইন। এতে সভাপতিত্ব করেন চবিআসের সভাপতি মোমতাহিনুল ইসলাম হাসনাত।
কবি ও প্রাবন্ধিক মাঈনউদ্দিন জাহেদ বলেন, ‘বাচিকশিল্প শিল্পসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী। বাচনিক সৌন্দর্য ব্যতীত অন্য শিল্পগুলো পূর্ণতা পায় না।’ তাঁর বক্তব্যে বাচিকশিল্পের গুরুত্ব এবং শিল্পচর্চায় শুদ্ধ উচ্চারণ ও বাচনিক সৌন্দর্যের তাৎপর্য উঠে আসে।
সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মতো মুক্তজ্ঞান চর্চার প্রাঙ্গণে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সংগঠনসমূহকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পৃষ্ঠপোষকতা করতে হবে।’
বাংলাদেশ বেতারের সিনিয়র প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিল্পচর্চার মাধ্যমে একটি দেশের সামগ্রিক শিল্পচর্চার অবস্থা আন্দাজ করা যায়।’
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের গভর্ন্যান্স ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সাবেক সভাপতি শাহাদাত হোসাইন বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে মানসম্পন্ন কর্মশালা আয়োজন এবং ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে উত্তরোত্তর উন্নতি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ বর্তমানে এক অনন্য জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে।’
সভাপতির বক্তব্যে মোমতাহিনুল ইসলাম হাসনাত চবিআসকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম সক্রিয় সাংস্কৃতিক সংগঠন হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার অবদানের কথা স্মরণ করে উপস্থিত অতিথি, সাবেক সদস্য, প্রশিক্ষণার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে ২০২৫ সালের কর্মশালার প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। পাশাপাশি ২০২৬ সালের ‘প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালা’র উদ্বোধন করা হয়। এ সময় চবিআসের সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন ফাহিম কর্মশালার বিভিন্ন দিক সম্পর্কে সার্বিক দিকনির্দেশনা দেন।
এ ছাড়া অনুষ্ঠানে সংগঠনটির সাবেক সদস্য ও বিভিন্ন বন্ধুত্বপূর্ণ সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ