চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘চৌদ্দগ্রাম স্টুডেন্টস সলিডারিটি (সিএসএস), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-এর ২০২৬-২৭ কার্যনির্বাহী বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. মোশারফ হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের কানিজ আরজুমান্দ স্বর্ণা। উভয়ই বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান।

শুক্রবার (৩০ অক্টোবর) সংগঠনের পক্ষ থেকে আংশিক এ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে স্বাক্ষর করেন সংগঠনের উপদেষ্টা চবির সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ করিম।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক মোতাহের উদ্দিন এবং প্রচার সম্পাদক মাহমুদুন্নবী মাহি।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, চবিতে অধ্যয়নরত চৌদ্দগ্রামের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মেলবন্ধন, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করাই এই সংগঠনের মূল লক্ষ্য। নতুন কমিটি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রাথমিক দিকনির্দেশনা প্রদান ও কল্যাণে নানা কর্মসূচি গ্রহণ করবে।

দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়া ব্যক্ত করে নতুন সভাপতি মোশারফ হোসেন বলেন, “এই দায়িত্বকে পদ হিসেবে নয়, চৌদ্দগ্রামের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পবিত্র আমানত মনে করি। শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি জোরদার করার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও মানবিক কর্মকাণ্ডে নতুন কমিটি সক্রিয় ভূমিকা রাখবে।”

সাধারণ সম্পাদক কানিজ আরজুমান্দ স্বর্ণা বলেন, “সকল সদস্যের সহযোগিতায় সিএসএসের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে কাজ করে যাওয়াই আমাদের অঙ্গীকার। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, “আমাদের ওপর আস্থা রাখার জন্য উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগঠনকে সচল রাখা এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করাই হবে আমাদের প্রথম কাজ।”