চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ব্লুজের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। তিনি ২০২৫ সালের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী ছিলেন।

ক্লাবটির গভর্নিং বডির চেয়ারম্যান ও ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১১৪ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সওয়ার আলম। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য শরিফুল ইসলাম তুহিন। এ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাজ্জাদ হোসেন হৃদয়।

শিক্ষাঙ্গনে সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি এবার চট্টগ্রামের ক্রীড়াঙ্গনেও দায়িত্ব পালনের সুযোগ পেলেন হৃদয়।

নতুন দায়িত্ব প্রসঙ্গে সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘মোহামেডান স্পোর্টিং ব্লুজের মতো ঐতিহ্যবাহী সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া নিঃসন্দেহে সম্মানের। আমি এই দায়িত্বকে পদমর্যাদা নয়, বরং চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও তরুণ প্রতিভা বিকাশে অবদান রাখার সুযোগ হিসেবে দেখি। দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা বজায় রাখতে চাই।’