চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ার ছাত্রশিবিরের ধারায় রাজনীতি না করতে চবি ছাত্রদলকে হুঁশিয়ারি দিয়েছেন।
রবিবার (১ নভেম্বর ২০২৬) নিজের ফেসবুক পোস্টে নিষিদ্ধ সংগঠনটির এই নেতা বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল যদি মনে করে তারা ছাত্রশিবিরের ধারায় রাজনীতি করবে, তাহলে তাদেরও শিবিরের মতোই ট্রিটমেন্ট দেওয়া হবে। বেশি বাড়াবাড়ি ভালো না। ইশারা দিলে ব্যানার ধরার লোকও কিন্তু পাওয়া যাবে না।”
এ বিষয়ে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, “আমরা এ ধরনের কিছু আশঙ্কা করছি না। চবি ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। তারা যত হুমকিই দিক, আমরা শক্ত হাতে তা প্রতিহত করব।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে এখন একটি গণতান্ত্রিক সরকার আছে। ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ সংগঠন, তাই আইন অনুযায়ীই সবকিছু হবে।”
ছাত্রদল সভাপতি বলেন, “ছাত্রদল ছাত্রলীগের বিরুদ্ধে সক্রিয় আছে বলেই নিষিদ্ধ সংগঠনটির যত মাথাব্যথা আমাদেরকে নিয়ে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অন্য সংগঠনগুলোকে নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই কেন?”
অন্য ছাত্রসংগঠনগুলোর উদ্দেশে তিনি বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা নিজেদের একক বীর হিসেবে দাবি করে, ছাত্রলীগের বিরুদ্ধে তাদের অবস্থান কোথায়? এই নিষিদ্ধ সংগঠনের বিষয়ে তাদের নীরবতা কেন? আমি এই প্রশ্নটুকু রাখতে চাই।”
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ