ভারত ম্যাচের আগে পাকিস্তানের সংবাদ সম্মেলন বর্জন
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, আর তার সঙ্গে জড়িয়ে থাকে নানা বিতর্ক। চলমান এশিয়া কাপে সেই ধারা অব্যাহত। সর্বশেষ ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন বর্জন করেছে পাকিস্তান।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সূচি অনুযায়ী শনিবার স্থানীয় সময় রাত ৮ টার দিকে দুবাইয়ে সংবাদ সম্মেলনের কথা ছিল পাকিস্তানের। তবে হঠাৎ করেই সেটি বাতিল করে দলটি। যদিও সংবাদ সম্মেলন বাতিলের কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ঠিকই অনুশীলনে নেমেছে সালমান আলী আগার দল। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন করেনি পাকিস্তান।
এদিকে রোববার সুপার ফোরে ভারত-পাকিস্তান মহারণেও ম্যাচ রেফারি হিসেবে থাকছেন অ্যান্ডি পাইক্রফট। গ্রুপ পর্বের ম্যাচেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। সেই ম্যাচেই করমর্দন না করার বিতর্কে ভারতের পক্ষ নেওয়ার অভিযোগ এনেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পরে আইসিসির আয়োজনে পাইক্রফট ও পাকিস্তানের অধিনায়ক, কোচ এবং টিম ম্যানেজারের বৈঠকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পিসিবি দাবি করেছিল, পাইক্রফট নাকি তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। যদিও আইসিসি এ বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছে। ভারত অবশ্য নির্ধারিত সংবাদ সম্মেলন করেছে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব।








আপনার মতামত লিখুন