কমেছে বেশিরভাগ সবজির দাম, কাঁচা মরিচের দামে বড় পতন
কয়েক মাস ধরে ঊর্ধ্বমুখী থাকা সবজির বাজারে অবশেষে স্বস্তির ইঙ্গিত। টানা বৃষ্টি কমে যাওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে বেশিরভাগ সবজির দাম কমতে শুরু করেছে। মাত্র এক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমে এসেছে, অন্যদিকে অনেক সবজির দামও ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে।
রোববার (৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজির দামে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
আলু, পেঁপে, শসায় স্বস্তি-
আজকের বাজারে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে আলু — প্রতি কেজি ২০ টাকা। কোথাও কোথাও মাইকিং করে ৬ কেজি আলু ১০০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপের দাম ২০–২৫ টাকা কেজি, শসা ৪০–৫০ টাকা, কচুরমুখী ৪০–৫০ টাকা, মিষ্টি কুমড়া ও ধুন্দল ৬০–৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কাঁচা মরিচের দামে বড় পতন-
কাঁচা মরিচের দাম দিনের ব্যবধানে ২০০ টাকার বেশি কমেছে। ভ্যানগাড়িতে কোথাও ১৮০–২২০ টাকায় বিক্রি হচ্ছে, আর দোকানে ২৫০–২৮০ টাকায় পাওয়া যাচ্ছে। গতকাল পর্যন্ত এই দাম ছিল ৪০০–৪৫০ টাকা কেজি।
সবজি বিক্রেতা মাহফুজ বলেন-
> “কয়েকদিনের বৃষ্টিতে দাম বেড়েছিল। এখন আবহাওয়া ভালো থাকায় সরবরাহ বেড়েছে, তাই দামও কমছে।”
অন্যান্য সবজির দাম-
ঢেঁড়স বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, কচুরলতি ৮০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, গোল বেগুন ১২০ টাকা, বরবটি ৮০ টাকা।
চিচিঙ্গা, ঝিঙা, পটল ৬০–৭০ টাকা, করলা ৮০ টাকা, উস্তা ১০০ টাকা এবং কাঁকরোল ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
জালি প্রতি পিস ৫০–৬০ টাকা, লাউ ৬০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৩০–৪০ টাকা।
আগাম শীতকালীন সবজির দাম-
বাজারে আগাম শিম এসেছে, দাম ১৪০–১৬০ টাকা কেজি। ছোট ফুলকপি ও বাঁধাকপি ৬০–৭০ টাকা, বড় আকারেরগুলো ৮০–১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুলা ৬০ টাকা, টমেটো ১০০–১২০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
শাকে স্বস্তি-
শাকের বাজারেও দাম কিছুটা কমেছে। বেশিরভাগ শাকের আঁটি ৫–১০ টাকা কম দামে বিক্রি হচ্ছে।
পুঁইশাক ৩০–৪০ টাকা, কুমড়ো শাক ৪০–৫০ টাকা, লালশাক ২০–২৫ টাকা, কলমি শাক ১৫ টাকা, পালংশাক ৩০ টাকা, পাটশাক ও কচুশাক ২০ টাকা, মুলাশাক ও ডাঁটাশাক ২০–২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।








আপনার মতামত লিখুন