কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি চুক্তি স্বাক্ষর
কর্মী নিয়োগে সৌদি আরবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। সোমবার (৬ অক্টোবর) রিয়াদে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সৌদি আরবের পক্ষে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী চুক্তিতে স্বাক্ষর করেন।
রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, সৌদি আরব-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ ৫০ বছরের ইতিহাসে এবারই প্রথম সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হলো। ১৯৭৬ সাল থেকে সৌদি আরবে অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হলেও এতদিন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি ছিল না।
এর আগে ২০১৫ সালে গৃহকর্মী নিয়োগ এবং ২০২২ সালে দক্ষতা যাচাই সংক্রান্ত দুটি বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নতুন এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে সৌদি আরবে বিভিন্ন পেশায় দক্ষ কর্মী নিয়োগ আরও বাড়বে এবং কর্মী ও নিয়োগকর্তার অধিকার ও স্বার্থ আরও সুরক্ষিত হবে বলে আশা করা হচ্ছে।
এ চুক্তি ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় ও সম্প্রসারিত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে উভয় পক্ষ আশা প্রকাশ করেছে।
চুক্তি স্বাক্ষরের আগে সৌদি মন্ত্রী ও বাংলাদেশের উপদেষ্টার মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ড. আসিফ নজরুল নিয়োগ চুক্তির সঠিক বাস্তবায়ন, ইকামা নবায়নের দায়িত্ব নিয়োগকর্তাদের পালনের নিশ্চয়তা এবং দেশে ফেরত যেতে ইচ্ছুক কর্মীদের দ্রুত এক্সিট ভিসা প্রদানের বিষয়গুলো তুলে ধরেন।
সৌদি মন্ত্রী এসব বিষয়ে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন এবং নিরাপদ ও সুষ্ঠু অভিবাসন নিশ্চিতে বাংলাদেশকেও ভূমিকা রাখার আহ্বান জানান।
এছাড়া, বৈঠকে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ, প্রবাসী কর্মীদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিতকল্পে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, মিশন উপপ্রধান এসএম নাজমুল হাসান এবং শ্রম কাউন্সেলর মুহাম্মাদ রেজায়ে রাব্বীসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।








আপনার মতামত লিখুন