বুটেক্সে কুরআন অবমাননার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে পবিত্র আল-কুরআন অবমাননার অভিযোগে বিক্ষোভ করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীরা। সোমবার (৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
দুপুর ১টার দিকে ‘পকেট গেট’ এলাকায় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে জড়ো হয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ শুরু করেন। পরে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে অবস্থান নেয়।
প্রতিবাদ চলাকালে শিক্ষার্থীরা ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় কঠোর শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে কয়েকজন শিক্ষকও অংশ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইমদাদ সরকার বলেন,
“যেকোনো ধর্মীয় অবমাননা সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। তাই বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।”
শিক্ষার্থীরা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও তাদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।
৪৮তম ব্যাচের শিক্ষার্থী আল হাজ্জ বলেন,
“আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অনুভূতির কথা জানাতে এসেছি। আমরা চাই, আইন অনুযায়ী ন্যায্য বিচার হোক।”
৪৯তম ব্যাচের শিক্ষার্থী কাজী ওসমান মাহদী বলেন,
“বিষয়টি ধর্মীয় আবেগের সঙ্গে সম্পৃক্ত। তাই প্রশাসনের উচিত দ্রুত তদন্ত সম্পন্ন করা।”








আপনার মতামত লিখুন