ফিলিস্তিনি শরণার্থীর ঘরে জন্ম নেওয়া ওমর পেলেন রসায়নে নোবেল
মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক (Metal Organic Frameworks) উদ্ভাবনের জন্য এ বছর রসায়নে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তাঁদের একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমর এম ইয়াগি।
ওমর বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তবে তাঁর জন্ম হয়েছিল এক ফিলিস্তিনি শরণার্থী বাবা-মায়ের ঘরে। নিজ দেশ ফিলিস্তিন থেকে বাস্তুচ্যুত হয়ে তাঁর পরিবার আশ্রয় নেয় জর্ডানের রাজধানী আম্মানে, যেখানে ১৯৬৫ সালে ওমরের জন্ম।
মাত্র ১৫ বছর বয়সে বাবার উৎসাহে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। ইংরেজি না জানা অবস্থাতেই ভর্তি হন একটি কলেজে, সেখানেই সম্পন্ন করেন গ্র্যাজুয়েশন ও পোস্টগ্র্যাজুয়েশন। পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
শৈশবে চরম দারিদ্র্য ও পানির সংকটে বড় হওয়া ওমর পরবর্তীতে ‘পানি সংগ্রহ প্রযুক্তি’ নিয়েই গবেষণায় মনোনিবেশ করেন। তার উদ্ভাবিত মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক বিশ্বজুড়ে পানি শোষণ ও সংরক্ষণ প্রযুক্তিতে নতুন দিগন্ত খুলেছে।
২০২১ সালে সৌদি আরব সরকার ভিশন ২০৩০ কর্মসূচির অংশ হিসেবে ওমরকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে।
এ বছর রসায়নে ওমরের সঙ্গে নোবেল পেয়েছেন আরও দুজন বিজ্ঞানী— জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুসুমু কিতাগাওয়া এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড রবসন।
সূত্র: আল আরাবিয়া








আপনার মতামত লিখুন