চাকসু ও রাকসু নির্বাচনে বিজয়ী চট্টগ্রামের সীতাকুণ্ডের দুই ভাই–বোন
সদ্য সমাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিজয়ী হয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুই ভাই–বোন।
গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত চাকসু নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদের “আভিযাত্রিক ছাত্রী ঐক্য” প্যানেল থেকে সর্বোচ্চ ৭১৭ ভোট পেয়ে “নির্বাহী সদস্য” নির্বাচিত হয়েছেন উম্মে হাবীবা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এর পরের দিন ১৬ অক্টোবর অনুষ্ঠিত রাকসু নির্বাচনে, “সম্মিলিত শিক্ষার্থী জোট” প্যানেল থেকে কেন্দ্রীয় “নির্বাহী সদস্য” পদে চতুর্থ সর্বোচ্চ ৫,০৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এ.বি.এম. খালেদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের জাফর নগর গ্রামের সন্তান এ.বি.এম. খালেদ ও উম্মে হাবীবা। তাঁদের বাবা মুহাম্মদ মঈন উদ্দিন বাহার এবং মা সামিনা আক্তার। উম্মে হাবীবা পরিবারের জ্যেষ্ঠ কন্যা, আর খালেদ দ্বিতীয় পুত্র।
চাকসু ও রাকসু নির্বাচনে এই দুই ভাই–বোনের জয়কে চট্টগ্রামস্থ সীতাকুণ্ড সমিতি, ১নং সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী, সৈয়দপুর ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজী মুহাম্মদ খায়রুল আলম, এবং সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী–দোকান মালিক সমিতির ৪ নং ওয়ার্ড সদস্য মুহাম্মদ জসীম উদ্দিন অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় তাঁরা আশা প্রকাশ করেন, চাকসু ও রাকসুতে নির্বাচিত এই ভাই–বোন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে চট্টগ্রামের গৌরব আরও বৃদ্ধি করবেন।








আপনার মতামত লিখুন