কুবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্ব হস্তান্তর ও শপথপাঠ অনুষ্ঠিত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার ২০২৫–২৬ কার্যবর্ষের নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর ও শপথপাঠ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ইংরেজি বিভাগের ২০৮ নম্বর কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাদিয়া আফরোজের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন, ইংরেজি বিভাগের প্রভাষক মো. ইমরান হোসেন, সাবেক সভাপতি সানজিদা ইয়াসমিন লিজা এবং পুরাতন ও নবনির্বাচিত কমিটির সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং ক্রেস্ট প্রদান করা হয়। পরে বিদায়ী কমিটির সদস্য ও লেখকদের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। শেষে নতুন কমিটির সদস্যদের শপথপাঠ করানো হয়।
ইংরেজি বিভাগের প্রভাষক মো. ইমরান হোসেন বলেন,
- “বর্তমান বিশ্ব জ্ঞান ও বিজ্ঞানের। জ্ঞান চর্চা ও উৎপাদনের মাধ্যমেই এগিয়ে যেতে হবে। লেখকরাই জ্ঞান উৎপাদনের অন্যতম বাহক। যে ভালো পাঠক, সেই ভালো লেখক—এ কারণেই ইতিহাস, রাজনীতি, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে গভীর পাঠ জরুরি।”
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন,
- “ভাষার ব্যবহার, বানান ও বাক্যগঠন লেখকের পরিচয় বহন করে। তাই লেখালেখির আগে যাচাই-বাছাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনকে সমৃদ্ধ করতে নিয়মিত কার্যক্রমের আয়োজন করতে হবে।”
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম বলেন,
- “একটি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় শিক্ষার্থীদের সংগঠিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের শুরুতে ভুলত্রুটি থাকলেও সময়ের সঙ্গে তা আর গ্রহণযোগ্য নয়। লেখালেখি চর্চায় সততা, শ্রম ও নিষ্ঠা অপরিহার্য।”

সদ্য বিদায়ী সভাপতি মোহাম্মদ রাজিব বলেন,
- “আমাদের সংগঠন ছোট হলেও সম্ভাবনা বড়। শিক্ষকরা সহযোগিতা করেছেন বলেই আমরা সামনে এগোতে পেরেছি। নতুন কমিটি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে—এই প্রত্যাশা রাখি।”
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুবি শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।








আপনার মতামত লিখুন