মধ্যরাতে জাকসুর সংবাদ সম্মেলন: বিএনপি–পন্থী শিক্ষক ফোরামের বিবৃতির তীব্র প্রতিবাদ

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও অভিযুক্ত শিক্ষক ও কর্মচারীদের প্রাতিষ্ঠানিক বিচার নিশ্চিত না হওয়ায় প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক ভবনে তালা দেয় জাবি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। এ ঘটনায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্বেগ প্রকাশের প্রতিবাদে মধ্যরাতে সংবাদ সম্মেলন করেছে জাকসু।
শনিবার (১৩ ডিসেম্বর) রাত ২টার দিকে জাকসু ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জাকসু নেতারা বলেন, ২০২৪ সালের আগস্ট মাস থেকেই জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি জড়িত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রাতিষ্ঠানিক বিচার দ্রুত সম্পন্নের দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু প্রশাসনের উদাসীনতা ও গড়িমসির কারণে এখনো সেই বিচার প্রক্রিয়া শেষ হয়নি।
জাকসুর সহ-সভাপতি আবদুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিবৃতির দুটি বিষয়ের কড়া সমালোচনা করেন।
তারা বলেন, বিচার প্রক্রিয়াকে বলপ্রয়োগ ও চাপ সৃষ্টির মাধ্যমে প্রভাবিত করার যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এটি কোনো চাপ সৃষ্টি নয়, বরং দীর্ঘসূত্রিতার বিরুদ্ধে একটি যৌক্তিক ও ন্যায্য প্রতিবাদ। বিচার দ্রুত নিশ্চিত করতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এছাড়া ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনে বাধা সৃষ্টি হবে— এমন অভিযোগও প্রত্যাখ্যান করেন জাকসু নেতারা। তারা জানান, দিবস দুটি যথাযথ মর্যাদায় পালনের জন্য প্রয়োজনীয় সময়ে প্রশাসনিক ভবন খোলা রাখা হবে। এ বিষয়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, রেজিস্ট্রার ও উপ-উপাচার্য (প্রশাসন)-এর সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছেন। এ সংক্রান্ত অভিযোগকে ‘মিথ্যাচার’ ও ‘লজ্জাজনক’ বলে আখ্যা দেন তারা।
জাকসু সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম আরও বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর ওপর সাম্প্রতিক হামলার ঘটনাকে পুঁজি করে আন্দোলনের অভিযোগ তোলা দুঃখজনক। হাদীর ওপর হামলা এবং দেশের বিভিন্ন স্থানে জুলাই বিপ্লবীদের ওপর হামলার আশঙ্কা থেকেই এই প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রতি আহ্বান জানিয়ে জাকসু নেতারা বলেন, আওয়ামীপন্থী ও বিএনপি–পন্থী শিক্ষক ফোরামের অবস্থান স্পষ্টভাবে আলাদা হওয়া উচিত। তারা প্রত্যাশা করেন, আওয়ামী দোসর শিক্ষকদের বিচারের প্রশ্নে কোনো ধরনের নমনীয়তা দেখানো হবে না। একই সঙ্গে এ দাবিতে ক্যাম্পাসের সব ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, গত শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর ওপর হামলার ঘটনার পর আওয়ামী দোসর শিক্ষকদের বিচারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা দেয় জাকসু। এ ঘটনায় সুষ্ঠু বিচার প্রক্রিয়া ব্যাহত হতে পারে— এমন আশঙ্কা প্রকাশ করে শনিবার রাতে বিবৃতি দেয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।








আপনার মতামত লিখুন