হাদিকে হত্যাচেষ্টা: দোষীদের দ্রুত বিচারের দাবি করে শিক্ষা অধিকার সংসদ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে শিক্ষা অধিকার সংসদ। পাশাপাশি দ্রুত বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার (১৪ ডিসেম্বর) শিক্ষা অধিকার সংসদের আহ্বায়ক প্রফেসর এম নিয়াজ আসাদুল্লাহর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জুলাইযোদ্ধা, নাগরিক সংগঠক ও তরুণ সমাজের কণ্ঠস্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্রকে হত্যাচেষ্টা মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত।
এতে আর বলা হয়, শিক্ষা অধিকার সংসদের একজন সক্রিয় সদস্য হিসাবে শরীফ ওসমান হাদি নাগরিক অধিকার ও শিক্ষা বিষয়েও সোচ্চার ছিলেন। তিনি শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখেছেন এবং তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে নাগরিক সচেতনতা, সমালোচনামূলক চিন্তা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। নিরাপদ, সহিংসতামুক্ত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাপরিবেশ নিশ্চিত করার প্রশ্নেও তাঁর অবস্থান ছিল স্পষ্ট। শিক্ষা ও গণতন্ত্রকে একই ধারায় ভাবার এই প্রয়াস তাঁকে একটি গুরুত্বপূর্ণ সামাজিক কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এমন সময়ে এ হামলা হয়েছে যখন সবাই নির্বাচনমুখী, যেখান শরীফ ওসমান হাদি নিজেও একটি আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়েছেন। আমরা বিশ্বাস করি, সরকার আইনশৃঙ্খলা নিশ্চিত করে নির্বাচনী পরিবেশ ও সকলের নিরাপত্তা নিশ্চিত করবেন।
এ ধরনের একজন শিক্ষা অনুরাগী ও নাগরিক অধিকারকর্মীর ওপর হামলা সমাজে ভীতির পরিবেশ তৈরির পাশাপাশি রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার গুরুতর দুর্বলতাকে তুলে ধরে। শিক্ষা অধিকার সংসদ অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোরালো দাবি জানাচ্ছে। একই সঙ্গে শরীফ ওসমান হাদির সর্বোচ্চ নিরাপত্তা এবং বিদেশে নিয়ে হলেও তার সুচিকিৎসা নিশ্চিত করতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানাই।
শিক্ষা অধিকার সংসদ জানায়, নিরাপদ নাগরিক পরিসর ছাড়া শিক্ষা, মুক্ত চিন্তা ও সামাজিক অগ্রগতি সম্ভব নয়। তাই সহিংসতার বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজের সকল প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছে শিক্ষা অধিকার সংসদ।
সংগঠনটি শরীফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করে।








আপনার মতামত লিখুন