‘আওয়ামী লীগ নেতা জাকির হোসেন’ চাঁদপুর-৫ এ মনোনয়ন জমা দিলেন
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধানিয়া।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইবনে আল জায়েদ হোসেনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন জমা দেওয়ার সময় নির্বাচন অফিস প্রাঙ্গণে তাঁর উল্লেখযোগ্য কোনো অনুসারী বা দলীয় নেতাকর্মীর উপস্থিতি না থাকায় স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি আলোচনায় আসে।
নির্বাচন অফিস সূত্র জানায়, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ সমর্থিত একটি প্ল্যাটফর্ম থেকে তিনি দলীয় মনোনয়ন সংগ্রহ করলেও শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই মনোনয়ন দাখিল করেছেন। প্রক্রিয়া চলাকালে তিনি নির্বাচন কমিশনের সব বিধি-বিধান মেনে চলেছেন বলেও জানা যায়।
মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করতে রাজি হননি জাকির হোসেন এবং দ্রুত নির্বাচন অফিস ত্যাগ করেন। এতে তাঁর রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশা করলেও শেষ পর্যন্ত দলটি সাবেক সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলামকে প্রার্থী ঘোষণা করে। এরপর থেকেই জাকির হোসেনের রাজনৈতিক অবস্থান নিয়ে নানা আলোচনা চলছে। তিনি দাবি করে আসছেন যে আওয়ামী লীগের সব পদ থেকে পদত্যাগ করেছেন, যদিও সেই পদত্যাগপত্র তিনি দেখাতে পারেননি।
মনোনয়ন যাচাই-বাছাই শেষে শিগগিরই চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ইতোমধ্যে হাজীগঞ্জ ও শাহরাস্তিতে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ও কৌতূহল বাড়ছে।








আপনার মতামত লিখুন