চবি মেডিকেলের ফিজিওথেরাপি অ্যান্ড স্পোর্টস ইঞ্জুরি রিহ্যাব ইউনিটে বিকালের শিফট চালু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) মেডিকেল সেন্টারের ফিজিওথেরাপি অ্যান্ড স্পোর্টস ইঞ্জুরি রিহ্যাব ইউনিটে বিকালের শিফট চালু করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকাল ৩টায় এর উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) ও চবি মেডিকেল সেন্টার উপদেষ্টা কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন।
চবি মেডিকেল সেন্টারের ফিজিওথেরাপি এন্ড স্পোর্টস ইঞ্জুরি রিহ্যাব ইউনিটের ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ কামরুজ্জামানের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন চবি চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি ও অন্যান্য প্রতিনিধিবৃন্দ, মেডিকেল সেন্টারের ডাক্তারগণ, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘চবি মেডিকেলে অনেকগুলো সেবা বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের সেবা প্রদান করতে আমরা বদ্ধপরিকর। মেডিকেলে সুবিধা বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন বলেন, ‘চবি মেডিকেল সেন্টার আমাদের বিশ্ববিদ্যালয়ের অতি গুরুত্বপূর্ণ জায়গা। এজন্য আমরা মেডিকেল সেন্টারে সেবার বৃদ্ধির জন্য বেশকিছু উদ্যােগ গ্রহণ করেছি। কিছু কার্যক্রম দৃশ্যমান হয়েছে, আরও কাজ চলমান রয়েছে।
এখন মেডিকেলে অনেকগুলো টেস্ট করা যায়। ফিজিওথেরাপি এন্ড স্পোর্টস ইঞ্জুরি রিহ্যাব ইউনিটের বিকালের শিফট চালু হলে সেবার পরিধি আরও বাড়বে। আশা করি শিক্ষার্থীরা এর মাধ্যমে চিকিৎসা সেবা পাবে।’








আপনার মতামত লিখুন