চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী মানিককে আনুষ্ঠানিক সমর্থন দিল জাতীয় পার্টি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক-এর পক্ষে আনুষ্ঠানিকভাবে সমর্থন ঘোষণা করেছে জেলা জাতীয় পার্টি।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের বিপনীবাগে আয়োজিত এক মতবিনিময় সভা থেকে এই সমর্থনের ঘোষণা দেওয়া হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।

বক্তব্যে তিনি বলেন,
“আমি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। এই শহরেই আমার জন্ম, বেড়ে ওঠা ও কর্মজীবনের শুরু। আমি কখনো অন্যায় বা অপরাধের সঙ্গে যুক্ত ছিলাম না—আপনাদের সন্তান হিসেবেই আপনাদের সেবা করতে চাই।”
নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন,
“১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তাঁর নেতৃত্বে চাঁদপুরবাসীর দীর্ঘদিনের বঞ্চনা ও সমস্যার সমাধান সম্ভব হবে।”
চাঁদপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ মো. সিরাজুল ইসলাম সিরু মিজির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের জাতীয় পার্টির বিভিন্ন নেতৃবৃন্দ ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
এর আগে শহরের বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার একাধিক ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সভাস্থলে যোগ দেয়। এতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে এবং ধানের শীষের পক্ষে জনসমর্থনের দৃশ্য স্পষ্টভাবে ফুটে ওঠে।








আপনার মতামত লিখুন