আর্ট সার্কেল খুলনা’র আত্মপ্রকাশ
শুরু হলো তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী

চারুশিল্পীদের স্বাধীন ও সৃজনশীল প্রকাশের নতুন প্ল্যাটফর্ম ‘আর্ট সার্কেল খুলনা’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। এ উপলক্ষে প্ল্যাটফর্মটির আয়োজনে তিন দিনব্যাপী ‘শিল্পকর্ম প্রদর্শনী–২০২৬’ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, “শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ছাড়া কোনো জাতির পূর্ণতা সম্ভব নয়।
অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিল্পচর্চার অগ্রগতিও একটি জাতির উন্নয়নের গুরুত্বপূর্ণ সূচক।” তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে চারুকলার ধারাবাহিক শিল্পচর্চা এ অঞ্চলের জন্য গর্বের বিষয় এবং নবগঠিত আর্ট সার্কেল খুলনা ভবিষ্যতে দেশের শিল্পচর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রদর্শনীর উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক জামাল আহমেদ। তিনি বলেন, “শিল্পকর্ম সত্যিকার অর্থে বুঝতে হলে তা সরাসরি দেখতে হয়। প্রদর্শনীই শিল্প ও দর্শকের মধ্যে সংযোগ তৈরির সবচেয়ে কার্যকর মাধ্যম।” তিনি আরও উল্লেখ করেন, ড্রইং হলো শিল্পচর্চার মূল ভিত্তি এবং এই দক্ষতা ছাড়া পরিপক্ব শিল্পসৃষ্টি সম্ভব নয়।
আর্ট সার্কেল খুলনা’র প্রতিষ্ঠাতা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মো. তরিকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাপচিত্র বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান আনিস এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক এস এম নাজিমুদ্দিন। স্বাগত বক্তব্য দেন আর্ট সার্কেল খুলনা’র প্রতিনিধি শহিদুল ইসলাম সবুজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক শাপলা সিংহ।
উদ্বোধনী শেষে অতিথিবৃন্দ প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্ম পরিদর্শন করেন। প্রদর্শনীতে দেশের বিভিন্ন অঞ্চলের বরেণ্য ও নবীন শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। শিল্পচর্চার প্রসার, শিল্পীদের পারস্পরিক সৃজনশীল যোগাযোগ এবং দর্শকদের সঙ্গে শিল্পের সরাসরি সংযোগ তৈরিই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।
তিন দিনব্যাপী এই প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।








আপনার মতামত লিখুন