বাকৃবিতে নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে নির্বাচন ও গণভোট বিষয়ক একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাসুমা হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মতামত তুলে ধরেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান।
এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান।
মতবিনিময় সভায় আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের গুরুত্ব, নাগরিক দায়িত্ব এবং গণতান্ত্রিক অংশগ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে ইউজিসির প্রতিনিধিবৃন্দসহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আলোচকরা বলেন, শিক্ষাঙ্গন থেকেই গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা জোরদার করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম আরও সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।








আপনার মতামত লিখুন