রাবিতে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বাধনের নতুন নেতৃত্বে রাকিবুল–সুচিত্রা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘বাঁধন’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুচিত্রা রানি।
শনিবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের আর্ট গ্যালারিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছা. সুমনা আক্তার ও মো. রাসেল মিয়া। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হৃত্বিক কুমার নাথ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে জিহাদুল ইসলাম, কোষাধ্যক্ষ হিসেবে মো. ইউনুস আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মো. সিয়াম আহমেদ, তথ্য ও শিক্ষা সম্পাদক হিসেবে মো. মেহেদী হাসান এবং দপ্তর সম্পাদক হিসেবে সামিয়া ফারুক বৃষ্টি দায়িত্ব গ্রহণ করেছেন। এ ছাড়াও কমিটিতে একাধিক সাধারণ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
অনুষ্ঠানে বাঁধনের বিদায়ী সভাপতি আব্দুল্লাহ আল নাহিদ আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাঁধন সংগঠনটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান কার্যক্রমের মাধ্যমে অসংখ্য মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।








আপনার মতামত লিখুন