চবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শহীদ আবদুর রব হল সংসদ ও স্পোর্টস ক্লাব আয়োজিত আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে মনোবিজ্ঞান বিভাগ। এতে রানার্স আপ হয়েছে ফার্মেসি বিভাগ।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবদুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।
এছাড়া উপস্থিত ছিলেন হাউজ টিউটর আহসান হাবীব সিয়াম, চাকসুর গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আঞ্জুম শোভন, ক্যারিয়ার ডেভলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সোহান, শহীদ আবদুর রব হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মনির হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক (এজিএস) আবু বক্কর, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক জহিরুল ইসলামসহ হল সংসদের অন্যান্য প্রতিনিধিবৃন্দ।
এরআগে টুর্নামেন্টে ১১ টি বিভাগ তিনটি গ্রুপে ভাগ হয়ে খেলায় অংশগ্রহণ করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন কাব্য সরকার। ফাইনাল ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন মুর্তজা মোর্শেদ মাহিম।
বিজয়ী দলের সদস্য ও মনোবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইমাম হোসাইন বলেন, ‘‘মনোবিজ্ঞান বিভাগ সবসময়ই ক্রিড়া নৈপুণ্য দেখিয়ে আসছে। এর ধারাবাহিতায় আমরা এবার ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছি। আমার খুবই ভালো লাগছে। আশা করছি ভবিষ্যতেও এই সাফল্য অব্যাহত থাকবে।’’
একই বিভাগের আদিবুজ্জামান তিতাস বলেন, ‘‘মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা খেলাধুলায় অত্যন্ত ভালো। আমরা সবসময় একটা পরিবারের মতো। এছাড়া সবাই অত্যন্ত আন্তরিকতার সাথে খেলায় অংশগ্রহণ করেছে। তাই আমরা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পেরেছি।’’








আপনার মতামত লিখুন