শিখন ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়
রমজান মাসজুড়ে ছুটি ঘোষণার ফলে সৃষ্ট শিখন ঘাটতি পূরণে ১০টি শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার মন্ত্রণালয়ের উপপরিচালক মো. অয়নাল আবেদীন স্বাক্ষরিত এক পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।
পরিপত্রে উল্লেখ করা হয়, রমজান মাসে বিদ্যালয় ছুটি থাকায় শিক্ষার্থীদের পাঠদানে ঘাটতি তৈরি হয়েছে। এ ঘাটতি পূরণের লক্ষ্যে রমজানের ছুটি শেষে শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালু থাকবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, অতিরিক্ত এসব ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শিখন ঘাটতি অনেকটাই কাটিয়ে উঠতে পারবে।








আপনার মতামত লিখুন