পদত্যাগ করলেন চবির দুই সহকারী প্রক্টর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির দুইজন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। তারা হলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক মোঃ বজলুর রহমান এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পারভীন আক্তার।
রোববার (২৯ মার্চ) দুই সহকারী প্রক্টরের পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করেছে বলে জানা গেছে।
চবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বরাবর পদত্যাগপত্র জমা দেন দুই সহকারী প্রক্টর। এতে সুপারিশ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সহকারী প্রক্টর মোঃ বজলুর রহমান গত ১৯ ফেব্রুয়ারি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে চবি রেজিস্ট্রার বরাবর চিঠি দেন। তবে তিনি চিঠি জমা দিলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন তার পদত্যাগপত্র অনুমোদন করেনি। চিঠিতে তিনি বিভাগের একাডেমিক ব্যস্ততার বিষয় তুলে ধরেন। রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামকে দেওয়া চিঠিতে তিনি উল্লেখ করেন, “বিভাগীয় একাডেমিক কাজের অতিরিক্ত চাপের কারণে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।” সহকারী প্রক্টর অধ্যাপক বজলুর রহমান উচ্চশিক্ষার উদ্দেশ্যে কানাডায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
অন্যদিকে প্রক্টরিয়াল বডিতে থাকা একমাত্র নারী সদস্য সহকারী প্রক্টর অধ্যাপক ড. পারভীন আক্তার শারীরিক অসুস্থতা, পারিবারিক ব্যস্ততা ও ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ ২৯ মার্চ চবি রেজিস্ট্রার বরাবর পদত্যাগের চিঠি দেন অধ্যাপক পারভীন আক্তার।
জানতে চাইলে সহকারী প্রক্টর মো. বজলুর রহমান বলেন, “আমি পহেলা মার্চ থেকে প্রক্টরিয়াল বডির কোনো অফিসিয়াল কাজ করছি না। বিভাগীয় ও গবেষণা কাজের ব্যস্ততার কারণেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। পদত্যাগপত্র প্রক্টরের মাধ্যমে রেজিস্ট্রার বরাবর জমা দেওয়া হয়েছে। তিনি তাৎক্ষণিকভাবে গ্রহণ করেছেন।”
প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সহরাওয়ার্দী বলেন, ‘‘দুই সহকারী প্রক্টর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন অবগত আছে। নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’’
তিনি আরও বলেন, ‘‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, যেন যোগ্য ব্যক্তিদের দুটি পদে নিয়োগ দেওয়া হয়।’’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “আমার কাছে আজকে তাদের পদত্যাগপত্র এসে পৌঁছেছে। নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে তাদের পদত্যাগের বিষয়টি উপাচার্যকে অবহিত করা হবে।”








আপনার মতামত লিখুন