চবিতে আয়োজিত হলো ‘ডিএনএ ফেস্টিভ্যাল’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে ডিএনএ আবিষ্কারের ৭৩তম বার্ষিকী উপলক্ষে ‘ডিএনএ ফেস্টিভ্যাল ২০২৬’ আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিভাগের কনফারেন্স রুমে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত এই উৎসবমুখর পরিবেশে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. লায়লা খালেদা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, ‘‘৭৩ বছরের বেশি সময় আগে ডিএনএ আবিষ্কার হয়েছে। তখন মানুষ ধারণা করেছিল ডিএনএ নিয়েই কাজ করতে হবে। কিন্তু পরবর্তীতে মানুষ জানতে পারল যে ডিএনএ এর আরেকটা রুপ হচ্ছে আরএনএ। এখন গবেষকরা আরএনএ নিয়ে গবেষণা করছে। এজন্য এখন সব প্রতিষেধকগুলো আরএনএ এর ওপর ভিত্তি করে বানানো হচ্ছে। এজন্য আমাদেরকে আরএনএ এর ওপর ভিত্তি করে গবেষণা করা উচিত।’’
বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন বলেন, ‘‘ডিএনএ টেস্ট করা নিয়ে সবার মধ্যে একটা নেতিবাচক ধারণা ছিল। সেই নেতিবাচক ধারণা ভেঙে দিয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ। ডিএনএ টেস্টের মাধ্যমে জটিল রোগ নির্ণয় সম্ভব হচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে ডিএনএ টেস্ট গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমাদের অনেক সমস্যার সমাধান হচ্ছে ডিএনএ টেস্টের মাধ্যমে। এছাড়া অপরাধী সনাক্ত করতেও ডিএনএ পরীক্ষা করা প্রয়োজন হচ্ছে।’’
এরআগে সকাল ১০টায় ডিএনএ ফেস্টিভ্যাল এর উদ্বোধন করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. লায়লা খালেদা।
আয়োজনের মধ্যে ছিল পোস্টার এক্সিবিশন, ফটো এক্সিবিশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনাসহ নানা কার্যক্রম। পরে চবি উপাচার্যসহ অতিথিবৃন্দ এসব ইভেন্টে বিজয়ীদের সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন।
এছাড়া ডিএনএ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় ‘জিনস অ্যান্ড জাস্টিস : জেনোমিক সার্ভেইল্যান্স অ্যাজ এ পিলার অব পাবলিক হেলথ সিকিউরিটি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অনুষ্ঠানের কি-নোট স্পিকার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. তাহমিনা শিরিন। তিনি জনস্বাস্থ্যের নিরাপত্তায় জেনোমিক নজরদারির গুরুত্ব এবং আইনি কাঠামোর বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চীনের বিজিআই জেনোমিকসের প্রতিনিধি কাই হুয়াং হেনরি। তিনি ‘মাল্টি-ওমিকস সলিউশনস ফর থেরাপিউটিকস অ্যান্ড ডায়াগনস্টিকস’ শীর্ষক বিষয়ের ওপর বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি আধুনিক চিকিৎসা ও রোগ নির্ণয়ে মাল্টি-ওমিকস প্রযুক্তির বৈপ্লবিক ব্যবহার ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।








আপনার মতামত লিখুন