চাঁদপুর পৌরসভায় সাংবাদিককে মারধর, তদন্ত দাবি
চাঁদপুর পৌরসভার প্রশাসকের কক্ষে তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত ২৮ এপ্রিল দুপুরে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক মুসাদ্দেক আল আকিব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী মুসাদ্দেক আল আকিব জানান, তিনি পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে চাঁদপুর পৌরসভায় যান। তিনি বলেন, দুপুর আনুমানিক দুইটার দিকে পৌর প্রশাসকের কক্ষে আবেদন দেওয়ার পর প্রশাসক মোহাম্মদ এরশাদ উদ্দিন তা গ্রহণ করেন এবং তাকে বসতে বলেন। পরে বিভিন্ন প্রকল্প সম্পর্কে তিনি কেন তথ্য জানতে চান, সে বিষয়ে প্রশ্ন করা হয়।
অভিযোগ অনুযায়ী, কিছুক্ষণ পর বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারি কক্ষে প্রবেশ করেন এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে শাওন পাটোয়ারির সঙ্গে আসা ১০ থেকে ১২ জন ব্যক্তি আকিবের ওপর হামলা চালান। এতে তিনি কানে, চোয়ালে ও মাথায় আঘাত পান।
মুসাদ্দেক আল আকিবের দাবি, হামলার সময় তার ব্যবহৃত দুটি স্মার্টফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়, যাতে ঘটনার কোনো প্রমাণ সংরক্ষণ করা না যায়। পরে তাকে জোর করে কক্ষের বাইরে বের করে দেওয়া হয়।
হামলার পর নিরাপত্তাজনিত কারণে তিনি প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আসেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার বাম কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাটি ধামাচাপা দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন আকিব। তার ভাষ্য, চাঁদা দাবির অভিযোগটি ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মুসাদ্দেক আল আকিব বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের হামলা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ ঘটনায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সাংবাদিক সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।








আপনার মতামত লিখুন