চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী রুবেল বেপারী আটক

চাঁদপুর সদর উপজেলা-এ মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (৬ মে) রাতে সদর মডেল থানাধীন পূর্ব লোধেরগাঁও গুচ্ছ গ্রাম এলাকার মধু রোড ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন মো. রুবেল হোসেন বেপারী (৩২)। তিনি শাহমাহমুদপুর ইউনিয়নের পূর্ব লোধেরগাঁও গুচ্ছ গ্রামের পেয়ার আলীর ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিয়ে মধু রোড ব্রিজ এলাকায় অবস্থান করছে। পরে এসআই (নিঃ) মোহাম্মদ মনির হোসেন-এর নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার লুঙ্গির কোমর থেকে একটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাক উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতর থাকা ৮ পিস ইয়াবা ট্যাবলেটের ওজন ০.৮ গ্রাম এবং আনুমানিক মূল্য ২ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রুবেল হোসেন বেপারী স্বীকার করেন যে, তিনি কম দামে ইয়াবা কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবার মধ্যে ২ পিস রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে এবং বাকি ৬ পিস ডিবি হেফাজতে রাখা হয়েছে।
এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, এর আগে ২০২৫ সালের ২৬ অক্টোবরও তার বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি জিআর মামলা দায়ের হয়েছিল।








আপনার মতামত লিখুন