অভিযুক্ত আওয়ামীপন্থি শিক্ষকদের দ্রুত বিচার দাবি জাবি ছাত্র ইউনিয়নের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া অভিযুক্ত আওয়ামীপন্থি শিক্ষকদের দ্রুত বিচার ও শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
আজ মঙ্গলবার (১৯ মে) সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভ্যুত্থানের পর দীর্ঘ সময় পার হলেও অভিযুক্ত শিক্ষকদের এখনো চূড়ান্ত শাস্তির আওতায় না আনা অত্যন্ত দুঃখজনক। বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের গাফিলতি বা কালক্ষেপণ মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেয় সংগঠনটি।
ছাত্র ইউনিয়নের নেতারা অভিযোগ করেন, নারীদের যৌক্তিক আন্দোলনকে ব্যবহার করে শিক্ষকদের বিচারের নামে টালবাহানা করা হচ্ছে। তারা বলেন, “বিচারের নামে কালক্ষেপণ করে অভিযুক্তদের রক্ষা করার যেকোনো চেষ্টা সকল শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।”
সংগঠনটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দ্রুত জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানায়। একই সঙ্গে জুলাইয়ে শিক্ষার্থীদের স্বার্থের বিপরীতে অবস্থান নেওয়া শিক্ষকদের প্রশাসনিক ও আইনি শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাইয়ের শহীদ ও আহতদের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের শিথিলতা বরদাশত করা হবে না।








আপনার মতামত লিখুন