ঈদযাত্রায় বিভাগীয় শহরে ফ্রি বাস চায় চাকসু
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে বিভাগীয় শহরগুলোতে ফ্রি বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের কাছে স্মারকলিপি দিয়ে এ দাবি জানায় চাকসু। স্মারকলিপি দেন চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা। এ সময় চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব এবং সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবাইদুল সালমান উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, প্রতি বছর ঈদের সময় গণপরিবহনে টিকিটসংকট দেখা দেয় এবং যাতায়াত ব্যবস্থা কষ্টসাধ্য হয়ে পড়ে। বিশেষ করে ছাত্রী ও দূরপাল্লার শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত টিকিট পাওয়া এবং অতিরিক্ত ভাড়া বহন করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, বর্তমান সময়ে যানজট ও পথে নানা ধরনের ভোগান্তির আশঙ্কায় শিক্ষার্থীরা উদ্বিগ্ন। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় বাড়ি ফেরা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় বিভাগীয় শহরগুলোতে বিশেষ বাস সার্ভিস চালুর দাবি জানানো হয়েছে।
এ ছাড়া আগামী ২২ ও ২৩ মে, শুক্র ও শনিবার ক্যাম্পাস থেকে শহরমুখী বিকেল সাড়ে পাঁচটার বাস চালু রাখারও দাবি জানিয়েছে চাকসু।








আপনার মতামত লিখুন