তরুণদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ছাত্রদল নেতা বারেক ভূঁইয়া

তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বারেক ভূঁইয়া স্থানীয় যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন।
সোমবার (১ জুন) সকালে চাঁদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গুনরাজদী এলাকায় তার রাজনৈতিক কার্যালয়ে এ উপলক্ষে জার্সি ও ফুটবল বিতরণ করা হয়।
জানা যায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত মধ্য ইছলী সিনিয়র-জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে সামনে রেখে অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের মধ্যে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে বারেক ভূঁইয়া বলেন, বর্তমান সময়ে মাদক তরুণ সমাজের জন্য একটি বড় চ্যালেঞ্জ। যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বগুণ, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, তরুণদের হাতে মাদকের পরিবর্তে খেলাধুলার সরঞ্জাম তুলে দিতে হবে। পরিবার, সমাজ ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে প্রতিটি এলাকায় ক্রীড়া চর্চার পরিবেশ নিশ্চিত করা জরুরি। এতে তরুণরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে এবং সামাজিক অবক্ষয় ও অপরাধপ্রবণতা থেকেও দূরে থাকবে।
এ সময় স্থানীয় ক্রীড়াপ্রেমী, যুবসমাজ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা তরুণদের কল্যাণে এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।








আপনার মতামত লিখুন