খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে র‍্যাগিংয়ের ভিডিও ধারণকে কেন্দ্র করে সাংবাদিক ও রাকসু নেতাদের মারধরের অভিযোগ

জিয়াউর রহমান, রাবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
রাবিতে র‍্যাগিংয়ের ভিডিও ধারণকে কেন্দ্র করে সাংবাদিক ও রাকসু নেতাদের মারধরের অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগে র‍্যাগিংয়ের অভিযোগে ভিডিও ধারণকে কেন্দ্র করে তিন সাংবাদিক ও দুই রাকসু নেতাকে মারধরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

মারধরের শিকাররা হলেন রাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি মারুফ হোসেন মিশন, ঢাকা পোস্টের প্রতিনিধি জুবায়ের জিসান, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি আবু বকর অনিক, রাকসুর এজিএস সালমান সাব্বির এবং বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান লস্কর।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মার্কেটিং বিভাগের কয়েকজন জুনিয়র শিক্ষার্থী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন যে, সিনিয়র শিক্ষার্থীরা তাদের মিটআপের নামে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রেখে র‍্যাগিং করছে। অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা এবং একজন সহকারী প্রক্টর ঘটনাস্থলে যান।

সেখানে গিয়ে তারা কয়েকজন শিক্ষার্থীকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখেন। এ সময় এক সাংবাদিক ভিডিও ধারণ করলে তা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, ভিডিও মুছে ফেলার জন্য সাংবাদিকদের ওপর চাপ প্রয়োগ করা হয়। পরে ঘটনাস্থলে আরও সাংবাদিক ও রাকসু নেতারা উপস্থিত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ভুক্তভোগীদের দাবি, প্রায় দেড় ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. এম বোরাক আলীসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি সমাধানের উদ্যোগ নেন। তবে প্রক্টর অফিসে যাওয়ার সময় কয়েকজন শিক্ষার্থী সাংবাদিক ও রাকসু নেতাদের ওপর হামলা চালায়।

মারধরের শিকার সাংবাদিক মারুফ হোসেন মিশন বলেন, “পেশাগত দায়িত্ব পালনকালে ভিডিও ধারণ করায় আমাকে ভিডিও মুছে ফেলতে চাপ দেওয়া হয়। রাজি না হওয়ায় আমাদের ওপর হামলা চালানো হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চাই।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষার্থী হাবিবুর রহমান হিমেল। তিনি বলেন, “এটি ভুল তথ্য। সেখানে শুধু কথাকাটাকাটি হয়েছে, কোনো মারধরের ঘটনা ঘটেনি।”
অন্যদিকে একই বিভাগের এক শিক্ষার্থী মাহির মারধরের ঘটনা ঘটেছে বলে স্বীকার করলেও নিজে জড়িত নন বলে দাবি করেন।

রাকসুর বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান লস্কর বলেন, “আমি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে আমার ওপরও আঘাত আসে। আমরা ঘটনার বিচার দাবি করছি।”

মারধরের বিষয়ে সহকারী প্রক্টর অধ্যাপক জহুরুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের কেউ কাউকে মারার অধিকার রাখে না। এটি বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, “সাংবাদিক ও রাকসু নেতাদের সঙ্গে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমার সামনেই মারধরের ঘটনা ঘটেছে। যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

র‍্যাগিংয়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “ঘটনাস্থলে শিক্ষার্থীদের যেভাবে পাওয়া গেছে, তাতে র‍্যাগিংয়ের বেশ কিছু লক্ষণ দেখা গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”
ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক ও শিক্ষার্থী প্রতিনিধিরা।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা